আজ বিশ্ব মা দিবস
আজ মা দিবস তাই মা শব্দটা নিয়ে একটু আলোচনা করা যাক। তারপর আমার আম্মার কথা বলি।
মা, একটি ছোট শব্দ, অথচ এর গভীরতা আকাশের চেয়েও বিস্তৃত। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ের নাম মা। সন্তানের হাসিতে যার চোখ জ্বলে ওঠে আনন্দে, আর সন্তানের কষ্টে যার বুক ভেঙে যায় নীরবে, তিনি মা।
মা কখনো নিজের কথা ভাবেন না। সংসারের হাজার ব্যস্ততার মাঝেও সন্তানের জন্য এক মুঠো ভালোবাসা, দু’হাত ভরে দোয়া আর অফুরন্ত মমতা জমিয়ে রাখেন। মায়ের হাতের রান্নায় যেমন তৃপ্তি থাকে, তেমনি মায়ের কণ্ঠে থাকে অদ্ভুত এক শান্তি। পৃথিবীর সব সম্পর্কের ভিড়ে মায়ের ভালোবাসাই সবচেয়ে নিঃস্বার্থ, সবচেয়ে পবিত্র।
আমি মনে করি, আমার আম্মা একজন আদর্শ মা। আমার ভালবাসার উৎস। আমার আম্মা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর রমনী। আমার আম্মা আমাকে সাহিত্য পাঠে উদ্ভুদ্ধ করেছেন। নৈতিক শিক্ষা দিয়েছেন। ভালবেসেছেন। শাসনও করেছেন। তাইতো তিনি আদর্শ মা। আমার আম্মা বই পড়তে এবং সেলাই করতে পছন্দ করেন। আর বাগান করা তার একটি বিশেষ শখের কাজ। তিনি একটি উপন্যাসও লিখেছেন। যা অপ্রকাশিত পান্ডুলিপি হয়ে রয়ে গেছে।
ইয়া আল্লাহ আমার আম্মাকে নেক হায়াত দান করুন এবং নিরাপদ সুস্থ জীবন দান করুন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাকে সুস্থ সচল রাখুন।
আসলে মা দিবস শুধু একটি দিন নয়, মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ। তবে সত্যি বলতে, মায়ের ঋণ কোনো দিন, কোনো ভাষা কিংবা কোনো উপহারে শোধ করা যায় না। মায়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক, আর পৃথিবীর প্রতিটি সন্তানের জীবনে মায়ের ছায়া অটুট থাকুক। এই দোয়াই রইল।
দিল আফরোজ রিমা- কবি, সাহিত্যিকও উপন্যাসিক।
